প্রচার মাধ্যমের স্বাধীনতা সুনিশ্চিত ও মাদক মুক্ত মানবিক রাষ্ট্র নির্মান করা হবে-জাকের পার্টির চেয়ারম্যান

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক নির্বাচনী জনসভায় জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী দেশের গণতন্ত্র উদ্ধার ও জঙ্গীবাদ রুখে দিয়ে মানবিক রাষ্ট্র নির্মানের লক্ষ্যে জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় ভোট দেবার আহ্বান জানান।
সোমবার বিকেলে উপজেলা জাকের পার্টি ভূরুঙ্গামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করে। ভূরুঙ্গামারী উপজেলা জাকের পাটির সভাপতি রেজওয়ানুর রহমান রানার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ডা. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী ও কুড়িগ্রাম-১ আসনের জাকের পাটি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হাই মাষ্টার।
প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেন, সারা দেশের সম্পদ কতিপয় মানুষের কাছে কুক্ষিগত রয়েছে। জাকের পর্টি ক্ষমতায় এলে এসকল সম্পদের সুষ্ঠু বন্টন করা হবে। যে সমস্ত নেতাদের আত্মত্যাগে দেশ স্বাধীনতা লাভ করেছে, তাঁদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, যে উদ্দেশ্যে এদেশ স্বাধীন হয়েছে তা এখনো বাস্তবায়ন হয় নাই। গণতন্ত্র এখন বাক্স বন্দী, মানুষের মুখে হাসি নাই। তিনি বলেন মাদক মুক্ত সমাজ, মানবিক রাষ্ট্র নির্মাণ, বেকারদের কর্মসংস্থান, প্রচার মাধ্যমের স্বাধীনতা ও মৃত্যুদন্ডের বিধান তুলে দেবার লক্ষ্যে জাকের পার্টি নির্বাচনে অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *