জনপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এই সময়ে ব্যস্ত সময় পার করছেন নাট্যনির্মাতা অরুণ চৌধুরীর ‘মায়াবতী’ চলচ্চিত্র নিয়ে। তিশা এর আগে অরুণ চৌধুরীর নির্দেশনায় বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এবারই প্রথম তার নির্দেশনায় চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘মায়াবতী’ চলচ্চিত্রে মায়া চরিত্রে দেখা যাবে তিশাকে। এই ছবিটি নিয়ে তিনি বলেন, অরুণ দা তার কাজের প্রতি ভীষণ যতœশীল। তার নির্মিত প্রথম চলচ্চিত্র দারুণ প্রশংসিত হয়েছে। মায়াবতী’র মায়া চরিত্রে দর্শক আমাকে অন্য রকমভাবে দেখতে পাবেন।পাবেন।

আমার অন্য ছবিগুলোর মতো এটি নিয়েও আমি বেশ আশাবাদী। এই ছবিতে তিশার বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে। ডিসেম্বরে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়। ২রা জানুয়ারী থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু করেছেন নির্মাতা। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তিশার তিনটি চলচ্চিত্র। এগুলো হলো তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়া’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ও মুকুল রায় চৌধুরীর ‘হলুদবাণী’। আসছে ৮ই ফেব্রুয়ারী ‘ফাগুন হাওয়া’ ছবিটি মুক্তি পাবে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ছবিটি নির্মিত হয়েছে বলে জানান তিশা। মুক্তি প্রতিক্ষিত ছবিগুলো নিয়ে এই অভিনেত্রীর ভাষ্য, আমার অভিনীত প্রতিটি ছবির গল্প ও চরিত্র ভিন্ন ভিন্ন। গতানুগতিক গল্পের কোনো চলচ্চিত্রে আমি অভিনয় করছি না।

চলচ্চিত্র সমাজের দর্পন। আমি মনে করি দেশ ও সংস্কৃতির কথা বলবে তেমন চলচ্চিত্রই আমাদের বেশি বেশি নির্মাণ করা প্রয়োজন। খুব শিগগির ওপার বাংলার একটি চলচ্চিত্রেও অভিনয় করবেন এই অভিনেত্রী। ছবির নাম ‘বোবা রহস্য’। পরিচালক অভিষেক বাগচি। ছবিতে তিশার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা।

অভিনয়ের পাশাপাশি তিশা সম্প্রতি মেয়েদের প্রাকৃতিক ও স্বাভাবিক বিষয় পিরিয়ড নিয়ে জনসচেতনতায় কাজ করা ‘ঋতু’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ‘ঋতু’র বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণায় দেখা যাবে তাকে। সম্প্রতি ‘ঋতু’র একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে তিশা বলেন, ঋতু বিষয়টিকে আমাদের সমাজে এখনো নানা ভাবে মানুষ দেখে। মাসিক একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া এবং এ বিষয়ে অযথা সংকোচ বা কুসংস্কারের বিপরীতে যথাযথ সচেতনতা ও সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা খুব জরুরি। সামাজিক দায়িত্ববোধ থেকেই এই কাজটি করছি।

২০১৬ সাল থেকে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ‘ঋতু’ প্রকল্প মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করছে। এই প্রকল্পে তিশার সঙ্গে আরো আছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এর আগে গেল বছরে দুই বছরের জন্য মোবাইল অপারেটর রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিশা ও চঞ্চল চৌধুরী। এই প্রতিষ্টানের বিভিন্ন প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপনে থাকবেন এই তারকা জুটি। গেল বছরের শেষ সময়ে রবির একটি বিজ্ঞাপন নিয়ে সোস্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন তারা। অভিযোগ ওঠে বিজ্ঞাপনে সিনেমা মোবাইলে ডাউনলোড করে দেখার জন্য উৎসাহিত করা হয়েছে। তিশা বলেন, অনেকে না বুঝেই এটির সমালোচনা করেছেন।

বিজ্ঞাপনের শেষে কিন্তু আমি ছবি দেখার জন্য সিনেমা হলের দিকেই রওয়ানা দিই। আলাপনে সর্বশেষ তিশার কাছে নতুন ও গত বছর নিয়ে জানতে চাওয়া হয়। গত বছরের চেয়ে নতুন বছর শোবিজের জন্য ভালো যাবে বলেই তিনি আশা করেন। বিভিন্ন বিষয়ে পরিবর্তন আসবে বলেও তিনি বিশ্বাস করেন। তবে গেল বছর শোবিজের জন্য বেদনার ছিল বলে তিনি মনে করেন। কারণ গেল বছরে গুণী নির্মাতা আমজাদ হোসেন, সাইদুল আনাম টুটুল ও ব্যন্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর মতো খ্যাতিমানদের শোবিজ হারিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *