লোকালয়ে বিলুপ্ত প্রজাতির সজারু

শরণখোলার লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির একটি সজারু উদ্ধার করা হয়েছে। পরে এটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ছালাম গাজীর বাড়ির বাগান থেকে সজারুটি উদ্ধার করা হয়। প্রাণীটি বিলুপ্ত প্রায় প্রজাতির বলে জানিয়েছে বনবিভাগ।

কমিউনিটি পেট্রলিং গ্রুপের (সিপিজি) ভোলা টহল দলের সভাপতি মো. খলিল জমাদ্দার জানান, গৃহকর্তা ছালাম গাজী সকালে বাড়ির বাগানে সজারুটি দেখে তাদের খবর দেন। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য ও সিপিজির সদস্যদের নিয়ে ওই বাড়ি থেকে কৌশলে সজারুটি ধরা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার হওয়া সজারুটি দুপুর ২টার দিকে ভোলা নদীর পশ্চিম পারে ধাবড়ি খালসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। সজারু আগে সচারাচর দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ে না। এ কারণে প্রাণীটি বিলুপ্ত প্রায় প্রজাতির বলা যায়।

তিনি জানান, সজারুটির ওজন প্রায় ৪ কেজি। বয়স আনুমানিক এক বছর হবে। পূর্ণ বয়স্ক একটি সজারু ১০ থেকে ১২ কেজি ওজন হয়। বাঁচে ১৮ থেকে ২০ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *