26962_e5বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ‘উজান গাঙের নাইয়া’র আজ প্রচার হবে চতুর্থ পর্ব। আর এ পর্বে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। বর্তমান ব্যস্ততা ও অন্য নানা প্রসঙ্গে সম্প্রতি মানবজমিনের সঙ্গে কথা হয় তার। তার কাছে প্রথম প্রশ্ন ছিল- বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত পারিবারিক বিনোদনমূলক ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’র কাজ শেষ করলেন কিছুদিন আগে। এখন হাতে কি কি কাজ আছে? জানালেন কয়েকটি সিরিয়াল আর ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। ‘উজান গাঙের নাইয়া’য় কারখানা মালিক সুলতানের চরিত্রে অভিনয় করেছেন বাবু। চরিত্রটি কিছুটা নেতিবাচক হলেও বেশ আনন্দ নিয়েই অভিনয় করেছেন বলে জানালেন তিনি। বললেন, খুব খারাপ একটা লোক সুলতান। নিজের কারখানার শ্রমিকদের ঠিকমতো সুযোগ-সুবিধা দেয় না। অসুস্থ হলেও জোর করে কাজ করায়। এ ব্যাপারে তার বক্তব্য হলো, ভাল হোক আর খারাপ হোক-চরিত্রকে সব সময় নিজের মধ্যে আত্মস্থ করে নেয়ার চেষ্টা করেন তিনি। বিবিসির সঙ্গে এর আগেও কাজ করেছেন বাবু । এবারের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, বিবিসি পুরোপুরি পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে আর এ কাজগুলোও হয় আন্তর্জাতিকমানের। তার মতে, দেশের অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করতে গেলে যে সমস্যাটি হয় তা হলো কম সময় এবং স্বল্প বাজেটে কোন ধরনের লজিস্টিক সাপোর্ট ছাড়াই কাজ করতে হয়। তার মতে, বিবিসির নাটকে এ সমস্যাগুলোর কোনটিই থাকে না। তিনি বলেন, শুধু বাজেটই নয়, মানের ব্যাপারেও কোন সমঝোতা করে না বিবিসি। আর এ কারণেই বিবিসির সঙ্গে কাজ করতে তার অন্যরকম একটা আগ্রহ কাজ করে বলে জানালেন বাবু। গুণী এ অভিনেতা জানালেন, উজান গাঙের নাইয়ায় কাজ করার সময় নাটকের ইউনিটটি ঘিরে পুরো একটা পরিবার গড়ে উঠেছিল যেন। কাজের ফাঁকে ফাঁকে ব্যাডমিন্টন খেলা, একসঙ্গে গান গাইতে গাইতে বা গান শুনতে শুনতে শুটিং স্পটে যাওয়া, খুঁটিনাটি সব বিষয়েই আনন্দ পেয়েছেন তিনি। উল্লেখ্য, ‘উজান গাঙের নাইয়া’ নাটকটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর 
রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, অর্চিতা স্পর্শিয়া, কাজী নওশাবা আহমেদ, শ্যামল মওলা, শাহেদ আলী, ইশরাত নিশাত, মোমেনা চৌধুরী প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে প্রতি রোববার রাত ৮টা ৩০ মিনিটে এবং এটি পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed