সেমিতে হারে না আর্জেন্টিনা

argentina_semi_final_2014_radio২৪ বছর পর বিশ্বকাপের শেষ চারে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। লিওনেল মেসি কি পারবেন সেমিফাইনালে নিজেকে মেলে ধরে এই ডাচদের বাধা উপড়ে ফেলতে? এই বাধা পেরোলেই তো স্বপ্নের ফাইনাল। কিন্তু তার আগে চাই সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে আরো একটি জয়।

সেমিফাইনাল টপকাতে পারবে কিনা এই প্রসঙ্গে একটা ছোট তথ্য তুলে ধরা হচ্ছে যা আর্জেন্টিনার সমর্থকদের বিরাট স্বস্তি দেবে। তা হলো বিশ্বকাপে সেমিফাইনালে কখনো হারেনি লাতিন আমেরিকার এই দলটি।

ঘুরে আসা যাক সেই পরাজয় না মানা সেমিফাইনালগুলোর ইতিহাস থেকে। ১৯৩০ বিশ্বকাপ। প্রথম বিশ্বকাপেই সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। দীর্ঘ বিরতির পর ১৯৭৮ বিশ্বকাপ। অঘোষিত সেমিফাইনালে খেলে আর্জেন্টিনা।

ওই বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী কোনো ‘সেমিফাইনাল’ ছিল না। দ্বিতীয় রাউন্ডও হয়েছিল দুটো গ্রুপ ভাগ করে। দুই গ্রুপের সেরা দুই দল মুখোমুখি হয় ফাইনালে। এ অবস্থায় দ্বিতীয় রাউন্ডে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে যেতে হলে শেষ ম্যাচটি ৪ গোলের ব্যবধানে জিততে হতো আর্জেন্টিনাকে। সেই কঠিন হিসেব পার হয়ে আর্জেন্টিনা জিতেছিল ৬-০ গোলে!

এরপর ১৯৮৬ সালে ম্যারাডোনার বিশ্বকাপেও সেমিফাইনালে বেলজিয়ামকে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। দু’টো গোল করেছিলেন ম্যারাডোনা। এরপর ১৯৯০ বিশ্বকাপে ইতালিকে টাইব্রেকারে হারিয়েছিল আর্জেন্টিনা।

এবার ২০১৪ বিশ্বকাপে ২৪ বছর পরে আবার সেমিফাইনালে মেসিরা। ইতিহাস তো বলছে সেমিফাইনালে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। দেখা যাক ইতিহাসের পুনরাবৃত্তি হয় না অন্য নতুন ইতিহাস রচিত হয়। তা বুধবারই জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *