জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন তারকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। কিন্তু সেই সুযোগ কোন ভাবেই কাজে লাগাতে পারেননি তিনি। যথারীতি জাতীয় দলের জন্য ঘোষিত ৩২ জনের প্রাথমিক ক্যাম্পে তার নামও নেই। ‘এ’ দলের পারফরমেন্স দিয়ে ঠিকই সুযোগ করে নিয়েছেন স্পিনার সাকলাইন সজীব ও তরুণ ব্যাটসম্যান লিটন কুমার দাস, লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন, পেসার মো. শহীদ। জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে সুবিধা করতে না পারলেও নির্বাচকরা আস্থা রাখছেন নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, শাহাদাত হোসেন রাজীবের উপর। তবে প্রাথমিক দল থেকেই বাছাই করে ইডেনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সৌরভের আমন্ত্রণে একটি দল পাঠানো হবে। সেখানে যাবে বাংলাদেশ ‘এ’ দল। আর বাকি একটি দল ঘোষণা করা হবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। অন্যদিকে শোনা যাচ্ছে জাতীয় দলের তরুণ তারকা নাসির হোসেনকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সুযোগ দেয়া হচ্ছে না। তিনি যাবেন ‘এ’ দলের হয়ে কলকাতাতে টুর্নামেন্ট খেলতে। তবে সেখান থেকে ফিরে ওয়ানডে দলে তাকে দেখা যেতে পারে নাসিরকে। তার আগে অবশ্য নাসিরের জন্য কলকাতা মিশন হতে পারে তার যোগ্যতা প্রমাণের বড় একটি সুযোগ। অন্যদিকে প্রাথমিক দলে সুযোগ হয়েছে ইনজুরি থেকে ফেরা আবুল হোসেন রাজুরও। আর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের শিকার আল আমিন হোসেনকেও প্রাথমিক দলে রাখা হয়েছে। তবে এই ৩২ জনের বাইরে ২/১ জন ক্রিকেটারকে ‘এ’ দলে  সুযোগ দেয়ার কথা বলেছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। 
প্রাথমিক দল নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের সামনে অনেক লম্বা সিরিজ। এছাড়া, কলকাতাতে ‘এ’ দল পাঠাতে হবে। আমরা সেই হিসেবে ৩২ জনকে সুযোগ দিয়েছি। এর মধ্য থেকে জাতীয় দল ছাড়াও  ‘এ’ দলও বেছে নেয়া হবে। তবে ‘এ’ দলে সুযোগ এই ৩২ জনের বাইরে কয়েকজন ক্রিকেটারের সুযোগ হতে পারে।’ অন্যদিকে নাসির হোসেন টেস্টে বাদ পড়ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয়ে এখনই কিছুই বলতে পারছি না। সময়ই বলে দিবে।’ আর প্রাথমিক দল নিয়ে বলেন, ‘আমরা যাদের কাছে ডেকেছি তাদের সবারই যোগ্যতা আছে জাতীয় দলকে সার্ভিস দেয়ার।’ এরই মধ্যে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছেন দলের সেরা অফস্পিনার সোহাগ গাজী। তার এই সিরিজে ফেরার কোন সম্ভাবনা নেই। সেই হিসেবে বল হাতে ‘এ’ দলের সদ্য জিম্বাবুয়ের বিপক্ষে সেরা পারফরমার সাকলাইন সজীবও থাকতে পারেন দলে। অন্যদিকে তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন জাতীয় দলে না হলেও ‘এ’ দলের হয়ে যেতে পারেন কলকাতায়। অন্যদিকে জাতীয় দলে আবারও ফেরার সম্ভাবনা রয়েছে স্পিনার ইলিয়াস সানির। আজ দুপুর ২টায় ৩২ সদস্যের প্রাথমিক দল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রিপোর্ট করবে। আর ফিটনেস টেস্টের মধ্য দিয়েই শুরু হবে জিম্বাবুয়ে ও কলকাতা মিশনের জন্য প্রাথমিক দলের ক্যাম্প। জিম্বাবুয়ে জাতীয় দল বাংলাদেশে আসবে ১৭ই অক্টোবর। ২০শে অক্টোবর ফতুল্লায় তিন দিনের একটি ম্যাচ দিয়ে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে মিশন। এরপর তিন ম্যাচের টেস্টে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৫শে অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ৩রা নভেম্বর থেকে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে আর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১২ই নভেম্বর থেকে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। এরপরই শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রাথমিক দল
তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মুমিনুল হক, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, সাকলাইন সজীব, আল আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, শাহদাত হোসেন রাজীব, এনামুল হক বিজয়, মো. মিঠুন, লিটন কুমার দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, আবুল  হাসান, মুক্তার আলী, মো. শহীদ, ইলিয়াস সানি, আবদুর রাজ্জাক, মার্শাল আইযুব ও সৌম্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *