বাংলাদেশের আকাশে আজ শনিবার ১৪৪১ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এই পরিপ্রেক্ষিতে ১০ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব খলিলুর রহমান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহির আহমদ, ওয়াক্ফ প্রশাসক শহীদুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফায়জুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল আলমগীর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহ মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় বিশেষজ্ঞ আলেম-ওলামারাও উপস্থিত ছিলেন।
সভায় ১৪৪১ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে কমিটি ওই সিদ্ধান্ত নিয়েছে।