দক্ষিণ আফ্রিকায় খুন যেন কোনো ঘটনাই নয়। হরহামেশাই শোনা যায় দেশটিতে থাকা বাংলাদেশিরা খুন হচ্ছেন। তবে এবার যে খুন হয়েছে সে দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিলেন্ডারের ছোট ভাই তাইরন ফিলেন্ডার।
ভারননের ভাই তাইরনকে খুন করা হয়েছে বাড়ির পাশে। প্রতিবেশীকে পানি দেয়ার সময় নিজ বাড়ির পাশের রাস্তায় আততায়ীর গুলিতে খুন হন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকান গণমাধ্যমগুলো।
গণমাধ্যম জানায়, রাভেন্সমেডে বাড়ির পাশে প্রতিবেশিকে পানি দেয়ার সময় হঠাত করেই গুলির শব্দ হয়। এরপরই তাইরন ফিলেন্ডার লুটিয়ে পড়ে মাটিতে।
তাকে কে বা কারা খুন করেছে সেটা নিশ্চিত করতে পারেনি স্থানীয় পুলিশ। তবে তার মা ও পরিবারের সদস্যরা গুলির আওয়াজ শুনে বের হলে দেখতে পান তাইরন রাস্তায় পড়ে আছে আর একজন দৌড়ে পালাচ্ছে।
ভাইয়ের মৃত্যুর খবরে কঠিন সময় পার করা ভারনন ফিলেন্ডার প্রার্থনা ও সমর্থন চেয়েছেন সবার।
ভারনন বলেন, ‘কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমার পরিবার এক নৃশংস খুনের সাক্ষী হয়েছে। এই সময়ে আমরা সবার সমর্থন চাই।’
প্রোটিয়াদের হয়ে টেস্ট ইতিহাসে উইকেট-শিকারিদের মধ্যে সপ্তম স্থানে আছেন চলতি বছর ক্রিকেটকে বিদায় জানানো ভারনন ফিলেন্ডার।