সাইফুল ইসলাম, বার্তা সম্পাদক:
একাত্তরের ভয়াল ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে আগামী বুধবার (২৫ মার্চ) সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালিত হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটির যথাযথ মর্যাদা বজায় রাখতে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য দেশব্যাপী এই প্রতীকী অন্ধকার পালন করা হবে।
তবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা (কেপিআই), জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশনগুলো এ কর্মসূচির বাইরে থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিবসটির গাম্ভীর্য অক্ষুণ্ণ রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না।
এছাড়া, এর আগে ৮ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও সারাদেশে কোনো আলোকসজ্জা করা হবে না।
২৫ মার্চের এই প্রতীকী ব্ল্যাকআউট একাত্তরের কালরাতে শহীদদের স্মরণ এবং পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পালিত হবে।
মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার