9352_e4জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান এবার একটি শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এর নাম ‘আমার বাংলাদেশ’। জিয়া শিশু একাডেমির উদ্যোগে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। এতে শিশুদের পাশাপাশি অভিনয় করবেন ওমর সানী, ফেরদৌস ও মৌসুমী। শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর হোতাপাড়ায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সবুজ চত্বরে এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির, পরিচালক সোহানুর রহমান সোহান, গীতিকার মুন্সি ওয়াদুদ, কাহিনীকার ছট্‌কু আহমেদ, চিত্রনায়ক ওমর সানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোখলেছুর রহমান, শিশুশিল্পী আয়েন্দা প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন জিয়া শিশু একাডেমির পৃষ্ঠপোষক অ্যালবার্ট পি কস্টাসহ অন্য কলাকুশলীরা। ছবিটির বিষয়ে সোহানুর রহমান সোহান  বলেন, এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। এতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতি, শিক্ষা, কৃষি, সাহিত্যসহ নানা বিষয় তুলে ধরা হবে। তবে শুটিংয়ের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। শিগগিরই এর কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *