000সম্পাদনায়-সাইমুর রহমান, স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োজিত মুখ্য সচিব আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হবেন কামাল নাসের চৌধুরী।

আগামী ১ ডিসেম্বর আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হলে মুখ্য সচিবের দায়িত্ব নেবেন কামাল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগে কামাল আবদুল নাসের তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

কামাল নাসের চৌধুরী ১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরের বছর প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিজীবনে তিনি মাঠপর্যায়ে ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে উপসচিব পদে পদোন্নতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন। ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত তিনি শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে যোগ দেন। ২০০৮ সালে অতিরিক্ত সচিব এবং ২০১০ সালে সরকারের সচিব পদে পদোন্নতি পান। তিনি ২০০৯ সালের ৩০ জুন থেকে ভারপ্রাপ্ত তথ্যসচিব ও পরে পূর্ণ সচিব হিসেবে ২০১০ সালের ২০ অক্টোবর পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ে, ২১ অক্টোবর থেকে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ওই বছরেরই ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অদ্যাবধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে রয়েছেন। ২০১৪ সালের ১৯ মার্চ তিনি সরকারের সিনিয়র সচিব পদে পদোন্নতি পান।

কামাল আবদুল নাসের চৌধুরী  ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে স্নাতক (সম্মান), ১৯৭৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৬ সালে নৃ-বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউট ও ডিউক বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর সিভিল সার্ভিস কলেজ, ওয়াশিংটন ডিসি’তে অবস্থিত বিশ্বব্যাংক ইনস্টিটিউট, ইরানের তেহরানস্থ আইসেস্কো আঞ্চলিক কার্যালয় এবং অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ(এসিইআর) মেলবোর্ন, অস্ট্রেলিয়ায়  বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *