বেসরকারি শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ করে দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ১১ এপ্রিল মঙ্গলবার এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, আইনসচিব, এনটিআরসির চেয়ারম্যানসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির ও মোহাম্মদ শাফায়েত জামিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আইনজীবী হুমায়ুন কবির বলেন, ২০০৬ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালায় নিবন্ধনের কোনো সময়সীমা ছিল না। পরবর্তী সময়ে সংশোধিত বিধিমালায় নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়। সংশোধিত বিধিমালার ১০(১) ধারা চ্যালেঞ্জ করে মঙ্গলবার সকালে হাইকোর্টে রিট করেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মো. আল-আমিনসহ নিবন্ধনে উত্তীর্ণ ৯১ শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *