রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ চা-বিরতির সময় অনেকটা হঠাৎ করেই ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তবে তার চাইতেও বড় চমক অপেক্ষা করছিল ক্রিকেট সমর্থকদের জন্য। বাংলাদেশের ইনিংসের শুরুতে ইমরুল কায়েসের সঙ্গে মাঠে নামলেন লিটন দাস!

বাংলাদেশের হয়ে আগে খেলা ৯৮টি ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নেমেছেন তামিম, প্রতিবারই আগে নিয়েছেন স্ট্রাইক। তাহলে হঠাৎ কী হল? তবে কি আবারও ইনজুরিতে! এমন শঙ্কার মধ্যে জানা গেল, প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসির চতুরতায় ওপেন করতে পারেননি তামিম।

দ্বিতীয় সেশনে ফিল্ডিংয়ের সময় শেষ ৪৯ মিনিট মাঠে ছিলেন না দেশসেরা এই ওপেনার। হয়তো সেটা দেখেই চা-বিরতির সময় ইনিংস ঘোষণা করে বসেন প্রোটিয়া অধিনায়ক। নিয়ম অনুযায়ী তামিম যতক্ষণ মাঠের বাইরে ছিলেন, ঠিক ততক্ষণ তিনি ব্যাটিংয়ে নামতে পারবেন না। বাধ্য হয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওপেন করতে পাঠিয়েছে লিটনকে।

অবশ্য এবারই প্রথম এমন কাণ্ড ঘটাননি ডু প্লেসি। গতবছর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টেও এমন ঘটনা ঘটান তিনি। অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই সুযোগে ডু পেসি ইনিংস ঘোষণা করে বসেন। পরবর্তীতে ওয়ার্নারকে নামতে হয় তিন নম্বরে।

এর আগে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক তামিম। পরবর্তীতে স্ক্যান করার পর জানা যায়, মাংসপেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে তামিমের। শঙ্কা দেখা দেয় প্রথম টেস্টে খেলা নিয়েও। তবে সব শঙ্কা দূর করে প্রথম টেস্টে মাঠে নামেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *