হামিম রাফি , নিউজ ডেস্কঃ ‘ডন’ সিরিজের চলচ্চিত্রে ডন চরিত্রটি যতটা গুরুত্বপূর্ণ, তাঁর চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় রোমা চরিত্রটি। কয়েকদিন আগেই ‘ডন’-এর বিগত দুই পর্বের প্রযোজক রিতেশ সিধওয়ানি ঘোষণা দিয়েছেন যে, উপযুক্ত পাণ্ডুলিপি হাতে পেলেই শুরু হবে ‘ডন ৩’-এর শুটিং। আর স্বভাবতই ডন চরিত্রে থাকবেন শাহরুখ খান। তবে তৃতীয় পর্বে রোমা চরিত্রে কে থাকছেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবারও কি দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে? নাকি তাঁর জায়গা নেবেন অন্য কেউ?

ফিল্মফেয়ারের বরাত দিয়ে জি নিউজ জানায়, ডন সিরিজের তৃতীয় খণ্ডে প্রিয়াঙ্কার পরিবর্তে দীপিকার অভিনয় করার সম্ভাবনা প্রবল। শাহরুখ-প্রিয়াঙ্কা জুটির তুলনায় শাহরুখ-দীপিকা জুটির সাফল্যের হার বেশি। ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্র এসেছে শাহরুখ-দীপিকা হাত ধরেই।

অন্যদিকে হলিউডে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। এরই মধ্যে শুরু হয়েছে ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকের তৃতীয় মৌসুমের শুটিং। সম্প্রতি ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে নিজের নতুন রূপের ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া ‘ইজ নট ইট রোমান্টিক’ এবং ‘আ কিড লাইক জেক’ নামের দুটি হলিউড চলচ্চিত্রের শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। ফলে ‘ডন ৩’ ছবিতে রোমা চরিত্রের জন্য দীপিকার দিকেই পাল্লা ভারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *