হামিম রাফি, নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবিএল) অগ্নিকাণ্ডে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ রোববার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নৈশপ্রহরীর নাম সেলিম। তবে তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

আহত ফায়ার সার্ভিস কর্মীর নাম আমিরুল ইসলাম।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় পরিচালক মাসুদুর রহমান আকন জানান, ১০ তলাবিশিষ্ট ভবনের তিনতলায় ইউসিবিএল ব্যাংকের অবস্থান। ভোররাতে ফ্লোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্র তাপ ও ভয়াবহতায় আতঙ্কিত হয়ে ভবনের ওপরের তলায় বসবাসকারীরা ছাদে গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে উদ্ধারকর্মীরা ক্রেনের সাহায্যে নারী-শিশুসহ ৪০ জনকে উদ্ধার করেন। এ সময় পাঁচ থেকে ছয়জন আহত হন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মাসুদুর রহমান আরো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *