আরজে রাফি, নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেখে বোঝা যায় বেশ ভালই কাটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য সাব্বির রহমানের সময়। কিন্তু আসলেই কি তাই! গেল কিছুদিন তাকে নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে তার একটু হাওয়াও কি তার গায়ে লাগেনি? দর্শক পেটানোর অপরাধে অভিযুক্ত তিনি। এর জন্য শাস্তিও অপেক্ষা করছে তার জন্যে। তবে কী শাস্তি হবে তা সোমবার জানা যাবে।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন বছর পার করেছেন সাব্বির। কিন্তু এরই মধ্যে নানা রকম সমালোচনায় নাম লিখিয়েছেন তিনি। আর্থিক জরিমানা, ডিমেরিটস পয়েন্ট সবই যোগ হয়েছে তার নামের পাশে। তবে সম্প্রতি রাজশাহীতে জাতীয় লিগের শেষ রাউন্ডে এক কিশোর ভক্তকে মারধরের অভিযোগে বড় ধরনের শাস্তির মুখেই পড়তে যাচ্ছেন বাংলাদেশের এই মারমুখী ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা সোমবার জানানো হবে।
বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, ‘এ ব্যাপারটা নিয়ে সোমবার বসব। কাল আমি প্রতিবেদনটা দেখব। সেখানে যদি মনেহয় তাকে ডাকা দরকার, ডাকব। যদি মনে করি ডাকার দরকার নেই, তাহলে তো হলোই। ওর অপরাধ দুটি। প্রথমত সে এক কিশোর দর্শককে মারধর করেছে, দ্বিতীয়ত ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। খুব অবাকই হয়েছি, একজন তারকা খেলোয়াড় হয়ে একটা বাচ্চা ছেলের সঙ্গে সে বাজে আচরণ করেছে! ছেলেটা হয়ত ওরই ভক্ত হিসেবে খেলা দেখতে গিয়েছিল।’
ম্যাচ রেফারির দেওয়া প্রতিবেদনে সাব্বিরের বিরুদ্ধে বলা হয়েছে, তিনি আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙেছেন। যেটির শাস্তি হিসেবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তিনি। তবে শোনা যাচ্ছে শাস্তি হিসেবে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন সাব্বির। অথবা ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের জন্যও নিষিদ্ধ করা হতে পারে। আর এই শাস্তি হলে আগামী ঢাকা প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলা হবে না সাব্বিরের।
তবে শেখ সোহেল বড় শাস্তিরই আভাস দিয়েছেন। বলেছেন, ‘চিঠিটা দেখি। কী শাস্তি হবে এখনই বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, বড় শাস্তিই হবে তার।’
রাজশাহী-ঢাকা মেট্রোর ড্র হওয়া সেই ম্যাচে এক ইনিংস ব্যাট করার সুযোগ পান সাব্বির। সে ইনিংসে শূন্য রানেই আউট হন তিনি। সে সময় গ্যালারি থেকে সাব্বিরকে কেউ ‘ম্যাও’ বলে ডাক দিলে ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও তানভির আহমেদের অনুমতি নিয়ে তিনি কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান। মাঠ থেকে বেরিয়ে ‘ম্যাও’ দেয়া দর্শককে ডেকে এনে সাইট স্ক্রিনের পেছনে নিয়ে মারধর করেন। এ ঘটনার পরই ম্যাচ রেফারি অনফিল্ড আম্পায়ারদের বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে তাকে শুনানির জন্য ঢাকা হলে অভিজ্ঞ ও জ্যৈষ্ঠ ম্যাচ রেফারি শওকাতুর রহমানকে সাব্বির বলেন, ‘আমার নামে বিসিবিতে অভিযোগ করা হলে আপনার খবর আছে!’
এর আগে বিপিএলে চতুর্থ আসরে নারী কেলেঙ্কারির ঘটনাতে সাব্বির মোটা অঙ্কের জরিমানা গুনেছেন। জরিমানার পরিমাণ ছিল ১৩ লাখ টাকা। বিপিএলের পঞ্চম আসরেও সিলেটে মাঠে আম্পায়ারদের গালি দিয়ে তিনি বড় অঙ্কের আর্থিক জরিমানা দেন তিনি।