কিছুদিন আগে জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জয়ের পর রোববার আরেকটি পুরস্কার পেয়েছেন জয়া আহসান। কলকাতার ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ে সাফল্যস্বরূপ তিনি এ পুরস্কার লাভ করেন। প্রিয়া সিনেমা হলে ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে জয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ। ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে জয়া অভিনীত ‘বিসর্জন’ চলচ্চিত্রটি আরও তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে। দেশের বাইরে থেকে এমন অর্জনে আনন্দিত জয়া কলকাতা থেকে মুঠোফোনে বলেন, পুরস্কার আমার কাছে শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। এদিকে পুরস্কার গ্রহণ শেষে জয়া চলে যান মুর্শিদাবাদে। সেখানে সৃজিত মুখার্জির নতুন ছবি ‘এক যে ছিল রাজা’র শুটিং করছেন। কথা ছিল বাংলাদেশের গাজীপুরে ভাওয়াল জমিদার বাড়ি, ভাওয়াল জাদুঘর এবং আশপাশের এলাকায় ছবিটির শুটিং হবে। বিষয়টি নিয়ে কিছুদিন গবেষণা করেছেন ছবির নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশে আর শুটিং করা হয়নি। প্রসঙ্গত, দুই বাংলায় এখন নিয়মিত অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয় করে তিনি প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি পুরস্কার অর্জনও তার জন্য নিয়মিত ব্যাপার হয়ে দাঁিড়য়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *