কলকাতার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে সোহম, যিশু সেন, হিরণ, বনি সেন, শ্রাবন্তী, পায়েল, ঋতিকা ও কৌশানি সকলেই রয়েছে এক ছবিতে। ছবির নাম ‘জিও পাগলা’। রবি কিনাগী পরিচালিত এ ছবিটি গত বছরের অক্টোবরে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আর এবার বাংলাদেশে ছবিটি আমদানি করেছে খান ব্রাদার্স। আসছে শুক্রবার দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহে কলকাতার কমেডি ধাঁচের এ ছবিটি মুক্তি পাবে। এ প্রসঙ্গে খান ব্রাদার্সের কর্ণধার এবং প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী মানবজমিনকে বলেন, কলকাতায় ছবিটি দর্শকরা বেশ পছন্দ করেছে। এ ছবিতে কলকাতার সব তারকা অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। আর আমার বিশ্বাস বাংলাদেশেও দর্শক এ ছবিটি প্রেক্ষাগৃহে বেশ উপভোগ করবেন। এদিকে রাজধানীর কাকরাইলে এ ছবির পরিবেশনা হাউজ থেকে প্রযোজক কামাল মো. কিবরিয়া লিপু জানান, শুক্রবারে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরইমধ্যে ৫০টির বেশি প্রেক্ষাগৃহে ছবিটির বুকিং সম্পন্ন হয়েছে। সিনেমার বাজার তো এখন তেমন ভালো না। দেখা যাক কি হয়। তবে ‘জিও পাগলা’ ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী। সম্পূর্ণ কমেডি ধাঁচের এই ছবিতে রয়েছে এক ঝাঁক তারকা। চার বন্ধুর একটি বাড়িতে উঠে একে একে ঘটা মজার সমস্যাগুলোকে কেন্দ্র করে এগিয়ে গিয়েছে ছবির গল্প। ভারতের সুরিন্দার ফিল্মসের প্রযোজনা ও রবি কিনাগির পরিচালনায় এই ছবির গানগুলোর নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব এবং সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী। শেষ খবর পাওয়া পর্যন্ত আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে দেশীয় কোনো ছবি মুক্তি পাচ্ছে না। তাই কলকাতার ‘জিও পাগলা’ নামের একটি ছবিই দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *