অভ্যাসের পাশাপাশি বদ অভ্যাসও মানুষের জীবনেরই অংশ। বেশির ভাগ মানুষেরই কিছু না কিছু বদ অভ্যাস রয়েছে। কিন্তু নিজের এমন অভ্যাসকে চিহ্নিত করতে পারে কিংবা চিহ্নিত করে অন্যের কাছে অকপটে স্বীকার করতে পারে, এমন মনোবল অনেক তারকারই থাকে না। আবার অনেকেরই থাকে অপকটে স্বীকার করার সাহস।

প্রিয়.কমের ধারাবাহিক আয়োজন ‘তারকাদের বদ অভ্যাস’। বাংলাদেশের বিনোদন অঙ্গনে যুক্ত কলাকুশলীদের মধ্যে কার কী বদ অভ্যাস রয়েছে, তা তুলে ধরা হয় এই বিভাগে।

এ আয়োজনে অভিনেত্রী কুসুম শিকদার তার বদ অভ্যাসের কথা জানিয়েছেন।

নিজের বদ অভ্যাস সম্পর্কে কুসুম জানান, তিনি রাত জাগেন। মাঝে মাঝে এ অভিনেত্রীর ঘুমাতে ভোর ৫-৬টা বেজে যায়। তিনি মনে করেন এটাই তার সবচেয়ে বড় বদ অভ্যাস।

কুসুম শিকদার বলেন, ‘আমি যেহেতু লিখি, রাতে কনসেনট্রেশন কিংবা অ্যাটেনশন লেভেলটা অনেক সহজে বাড়ানো যায়। কারণ কোনো ডিস্ট্রার্বনেস থাকে না। যে কোনো কারণেই হোক সে ভাবনাগুলো রাতে আসে। যদি কোনো কাজ নাও থাকে তারপরও আমি রাত জাগাটা উপভোগ করি। এ ছাড়া রাত জেগে মুভিও দেখি। আমার মনে হয়, অন্ধকার প্রিয় বলে রাতটাই আমার কাছে ভালো লাগে।’

২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে। পরে তিনি ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘লাল টিপ’ ছবিতে কাজ করেন। এই ছবিটি পরিচালনা করেন স্বপন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *