বহুদিন ধরে অভিনয়ের মাঝে নেই রুমানা রশিদ ঈশিতা। অভিনয়ের পাশাপাশি গানেও দক্ষ এই অভিনেত্রী। তবে মাঝে মধ্যে বিশেষ দিবসে নাটক নির্মাণে দেখা যায় তাকে । কিন্তু গত কয়েকবছর ধরে নির্মাণেও নেই তিনি।

মাঝে গান নিয়ে মিডিয়ায় ফেরার কথা জানালেও সেটাও প্রায় পাঁচ বছর অতিক্রম করেছে। দেরিতে হলেও এবার কথা অনুযায়ী কাজ করছেন ঈশিতা। গানে ফিরছেন তিনি। সোহেল আরমানের লেখা ‘জেগে থাকা মন’ শিরোনামের একটি গান দিয়েই আবারো ফিরছেন এই অভিনেত্রী। এটির সুর ও সঙ্গীত করেছেন অদিত।

দীর্ঘদিন পর নতুন মৌলিক গান নিয়ে ফেরা প্রসঙ্গে ঈশিতা বলেন, গানটি গেয়ে বেশ উচ্ছ্বসিত। কারণ এর কথা ও সুর সঙ্গীত আমার বেশ পছন্দ হয়েছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।

২৪ ফেব্রুয়ারি থেকে রাজধানীর উত্তরা ও গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং করেছেন ঈশিতা। এদিকে মার্চের শেষ প্রান্তে গানটি শ্রোতা-দর্শকের কাছে তুলে দিবেন বলে আশা পোষণ করেছেন এই শিল্পী।

ঈশিতার গানের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রাত নিঝুম’, ‘ভুলোনা আমায়’ ও ‘কুলসুম’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *