আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানোর ইচ্ছে আওয়ামী লীগের নেই। তাই বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।

শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চারলেন কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করে ভোগান্তি সৃষ্টি সেটা জনগণ সমর্থন করবে না। আন্দোলনের পাঠ তাদের চুকে গেছে। আন্দোলন আর করতে পারবে না।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তির এখতিয়ার সম্পূর্ণ আদালতের। তার দুর্নীতির প্রমাণ পেয়েই আদালত তাকে সাজা দিয়েছেন। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। আওয়ামী লীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ করে না। একটি নির্দিষ্ট স্থানে সমাবেশ করা হয়। কিন্তু বিএনপি প্রেসক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করবেই। কারণ, রাস্তা বন্ধ করে দেয়া বেআইনি। আর পুলিশ কাউকে বেআইনি কাজ করতে দেবে না।

তিনি আরো বলেন, বিএনপির সমাবেশে মামলার আসামিরা উপস্থিত থাকায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। যাদের বিরুদ্ধে মামলা আছে তারা যদি পুলিশের সামনে পড়ে, পুলিশ তো তাদের ছেড়ে দেবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪টি ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে যা আগামী অক্টোবরের মধ্যেই শেষ হবে।

এ সময় সড়ক বিভাগের ঢাকা বিভাগী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিকেএন নাহিন রেজা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেন প্রকল্পের উপ-সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী রুকুনুজ্জামান, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম, কালিয়াকৈর সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শহীদ উল্লাহসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *