গানের মাধ্যমে অগণিত মানুষের হৃদয় ছুঁয়েছেন তিনি। গানের পাশাপাশি যুক্ত আছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও। আর শত ব্যস্ততায়ও গান থেকে বিচ্যুত হননি। মেহরীনের নতুন গানের মাধ্যমেই এর প্রমাণ মিললো কয়েকদিন আগে।গেলো বৃহস্পতিবার (২২ মার্চ) ছিল আন্তর্জাতিক পানি দিবস। এ উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট ওই অনুষ্ঠানের আয়োজক।

সেই অনুষ্ঠানেই মেহরীনের গাওয়া ‘পানি’ গানের মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়।‘পানি’ গানের গীতিকার ও সুরকার অটমনাল মুন। সঙ্গীত পরিচালনা করেছেন আবদুল করিম সিরাজী। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শরীফ খান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিএসডব্লিউ’র (কমিশন ফর স্ট্যাটাস অব উইমেন) ৬২তম কনফারেন্সে যোগ দেন মেহরীন। ১২ মার্চ থেকে শুরু হয়ে ওই কনফারেন্স চলে ২৩ মার্চ পর্যন্ত।আন্তর্জাতিক নারী এনজিও সংস্থা ‘উইমেনস ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস’ বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট হিসেবে ২৫ বছর ধরে কাজ করছেন মেহরীনের মা জিনাত আরা ভূঁইয়া।

এখন এই সংগঠনের সহসভাপতির দায়িত্ব পালন করছেন মেহরীন। এই সংগঠনের হয়েই ওই কনফারেন্সে যোগ দেন মেহরীন।মূলত নারীদের অধিকার রক্ষা, সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *