দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী ১৫ এপ্রিল শপথ নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীর শারমিন চৌধুরী শপথ পড়াবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৃহস্পতিবার স্বদেশ নিউজ ২৪.কমকে এ তথ্য জানান।

স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।

তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ।

গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করে ইসি।

এর আগে প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন আবদুল হামিদ।

তার সেই মেয়াদ শেষ হয়ে আসায় গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ৫ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের দিন একমাত্র আবদুল হামিদের মনোনয়নপত্রই জমা পড়ে।

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর শুধু ১৯৯১ সালেই রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *