কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পরে গাড়ি থেকে নেমে পায়ে হেটেঁই ভেতরে প্রবেশ করেন খালেদা।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত দুই চিকিৎসক।

জানা গেছে, খালেদা জিয়ার এক্সরে ও রক্ত পরীক্ষা করা হবে। সে জন্য হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগে এক্সরে কক্ষ নং ১/এ এবং প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষা করার কক্ষ প্রস্তত রাখা হয়েছে। এরই মধ্যে সেই কক্ষে নেয়া হয়েছে খালেদা জিয়াকে।

এদিকে স্বাস্থ্য পরীক্ষার পরে তাকে হাসপাতালের কেবিন ব্লকের ৫১২ নম্বর কেবিনে রাখা হবে বলে জানা গেছে।

খালেদার বহনকারী গাড়িটি হাসপালের গেটে পৌঁছালে সেখানে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়। ফটকের বাহিরে তারা স্লোগান দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে তিন জনকে আটক করা হয়। আটকদের শাহবাগ থানায় নেয়া হয়েছে।

হাসপাতালের চারদিকে ও শাহবাগ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, খালেদার চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি মেডিকেল বোর্ড। এর নেতৃত্বে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান। অন্যরা হলেন ডা. মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *