খালেদা জিয়ার দেখা পাননি বিএনপি নেতারা

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি দলের নেতারা। এ নিয়ে কারা কর্তৃপক্ষ দুই দফা সময় দিয়েও খালেদা জিয়া সঙ্গে বিএনপি নেতাদের দেখা করার সুযোগ দেয়নি।

১৯ এপ্রিল, বৃহস্পতিবার বি‌কালে সাড়ে তিনটায় নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। প্রায় ২৫ মিনিট কারাফটকের অনুসন্ধান কক্ষের সামনে অবস্থান করেন তারা। এরপর দেখা করার সুযোগ না পেয়ে বিএনপি নেতারা কারাগারের সামনে থেকে চলে যান।

ত‌বে কারা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, আগামী র‌বিবার দুইটার পরে বিএনপি নেতারা খালেদা জিয়ার সা‌থে সাক্ষাৎ করতে পারবেন। নতুন করে অনুমতির প্রয়োজন হবে না। এ সময় উপ‌স্থিত গণমাধ্যমকর্মী‌দের মির্জা ফখরুল বলেন, ‘আমরা সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছিলাম। গত পরশু একটা সময় দেওয়া হয়েছিল, তারপর সেটা বাতিল করে আজকে আবার সময় দেওয়া হয়েছে—তিনটা থেকে চারটার মধ্যে। আমরা সে কারণে এসেছিলাম।’

মির্জা ফখরুল আরও ব‌লেন, ‘আসার পরে আমাদের বলা হচ্ছে যে আজও সম্ভব হচ্ছে না। আগামী দু–এক দিনের মধ্যে হলে হতে পারে। কর্তৃপক্ষ আমাদের এটা জানিয়েছে।’

দেখা করতে না দেওয়ার কারণ কী? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমরা বলতে পারব না। ওনারা বলেছেন আইজি সাহেব (কারা মহাপরিদর্শক) নেই। কাশিমপুরে গেছেন, এটাই বলেছেন।’