বগুড়ার ধুনট উপজেলায় নাটাবাড়ি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে সরকারি হাট অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে মানববন্ধন করে।

এ উপলক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাকসুদুল হক বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থা কমিটির সদস্য মিনহাজ উদ্দিন, নাজমুল হক, বকুল মিয়া, রনজু মিয়া, ছনিয়া খাতুন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, বেলাল হোসেন, ফাতেমা শিরিন, জাকিয়া সুলতানা, শিক্ষার্থী নাহিদ হাসান, ওমর ফারুক, পপি আকতার, সুইটি খাতুন প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ থেকে নাটাবাড়ি গ্রামের হাট বার্ষিক ইজারা বন্দোবস্ত দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ওই হাট ইজারা বন্দোবস্ত নিয়েছে স্থানীয় এক ব্যবসায়ী। কিন্ত সরকারি হাটের নির্ধারিত জায়গা বেদখল হওয়ায় প্রত্যেক রবিবার ও বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে হাট বাসনো হয়। ফলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। এই হাট অপসারণের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। এ কারণে বিদ্যালয়ের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *