জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ক্যারিয়ারের শুরু এখন পর্যন্ত টানা অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অডিও যুবরাজ উপাধি পাওয়া আসিফ শুধু অডিওতেই সীমাবদ্ধ থাকেননি। চলচ্চিত্রে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। শুধু তাই নয়, সেরা কন্ঠশিল্পী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এখনও আসিফ চলছেন নিজের গতিতে।এ সংগীতশিল্পী তুমুল ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। প্রায় প্রতিদিনই চলছে তার গানের কাজ। এর মধ্যে গেলো ঈদে একাধিক চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। অডিওর পাশাপাশি ভিডিওর চমকও ছিলো এবার। সব মিলিয়ে দিনকাল কেমন কাটছে? আসিফ আকবর বলেন, খুব ভালো কাটছে। কাজের মধ্যে দিয়েই পার করছি সময়। আসলে ঈদের আগ পর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। প্রতিদিনই রেকর্ডিং ও শুটিংয়ে সময় পার করেছি। ঈদের পর পর আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। নতুন অনেক গানের কাজ চলছে। এদিকে ঈদে আসিফ আকবরের সঙ্গে আঁখি আলমগীরের গাওয়া ‘ওরে পাখি’ গানটি ইতিমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। গানটির ভিডিওতেও অভিনয় করেছেন আসিফ ও আঁখি। এর সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। আর ভিডিও নির্মান করেছেন চন্দন রয় চৌধুরী। অন্যদিকে সংগীতার ব্যানারে প্রকাশ হয়েছে আসিফের সঙ্গে সালমার গান ‘আই অ্যাম ইন লাভ’। এ গানটির ভিডিও নির্মান করেছেন সৈকত রেজা। এর বাইরে নিউ ভিশন বিডি থেকে প্রকাশ হয়েছে আসিফ আকবরের ‘ও কন্যা তোমরে’। এর ভিডিওতে একেবারে নতুন রুপে হাজির হয়েছেন এ সংগীতশিল্পী। গানটির সুর ও সংগীত তরুণ মুন্সীর। আর ভিডিও নির্মান করেছেন সৈকত নাসির। এর বাইরে ‘সদরঘাটের পান’ শীর্ষক গানে একেবারে নতুন এক গায়কির আসিফকে পাওয়া গেছে। সব মিলিয়ে ঈদের কাজের সাড়া কেমন মিললো? আসিফ বলেন, যে গানগুলো করেছি তার সাড়া অনেক ভালো মিলেছে। আমি শ্রোতা-দর্শকদের শিল্পী। তাদের জন্যই গান করি। তাই তাদের ভালো লাগাটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবারও তাই হয়েছে। প্রত্যাশার চাইতে বেশি পেয়েছি। এখন ব্যস্ততা কেমন? আসিফ বলেন, প্রায় প্রতিদিনই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান গান চাইছে একের পর এক। তাছাড়া আমি নিজেও নিজের প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে নিয়মিত গান প্রকাশ করছি। আমি সব সময় কাজে বিশ্বাসী। কাজ করতে হবে। আর এখন বিশ্ব এগিয়ে যাচ্ছে। যারা কাজ করবে তারাই এগিয়ে যাবে। কাজের  কোন বিকল্প নেই। সব মিলিয়ে গানের অবস্থা কেমন মনে হচ্ছে? আসিফ বলেন, অবস্থা ভালো। এখন কোম্পানিগুলোও অনেক কাজ করছে। আমার মনে হয় কোম্পানির কাজ করার পাশাপাশি কিছু কাজ নিজেদের জন্য করতে হবে। এগুলোর স্বত্ব নিজের কাছে রাখতে হবে। এগুলো কিন্তু সম্পদ। প্রতিটি গানের ভিডিওতে আপনাকে ভিন্ন ভিন্ন রুপে দেখা যাচ্ছে, যা দর্শক বেশ পছন্দ করেছেন। এর রহস্য কি? আসিফ বলেন, আমি এখন হয়ে গেছি ‘যেমনি নাচাও তেমনি নাচি’।  ভিডিও নির্মাতারা আমাকে দিয়ে যেভাবে খুশি কাজ করিয়ে নিচ্ছে। আর শ্রোতা-দর্শকও ভালোভাবেই নিচ্ছেন। সামনেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। আপনিতো সামনে বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন। তার প্রস্তুতি কেমন নিচ্ছেন? আসিফ বলেন, তরুণ মেধাবি নির্মাতা সৈকত নাসির ছবিটি নির্মান করবেন। ছবির নাম ‘ভিআইপি’। এখান আমার বিপরীতে থাকছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবির জন্য প্রস্তুতি ভালো হচ্ছে। সামনের মাস থেকেই জিম শুরু করবো। যেহেতু এই চলচ্চিত্রের কাহিনী দারুণ অ্যাকশনধর্মী, সেহেতু নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে চাই শুটিং শুরুর আগে। এছাড়া একটা পুরো চলচ্চিত্রে অভিনয় করার অভিজ্ঞতাতো আমার নেই। কাজেই সেটার জন্য মানসিক প্রস্তুতিও নিচ্ছি। বাকীটা শুটিং শুরু হলে দেখা যাবে। এখানে আমাকে সিআইডি-এর একজন গুরুত্বপূর্ণ অফিসারের চরিত্রে দেখা যাবে। আর চলচ্চিত্রটির গল্প গড়ে ওঠেছে মাফিয়া ডনদের উপর গোপন অভিযানকে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed