ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহওয়াজে সন্ত্রাসী হামলার জের ধরে তেহরানে নিযুক্ত নেদারল্যান্ডস ও ডেনমার্কের রাষ্ট্রদূত এবং বৃটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ে তলব করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমির বরাত দিয়ে এ খবর দিয়েছে পার্সটুডে। তিনি বলেছেন, মন্ত্রণালয়ে ইউরোপ বিষয়ক মহাপরিচালক ওই তিন কূটনীতিকের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। এসব বৈঠকে ওই তিন দেশে ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সদস্যদের উপস্থিতির তীব্র প্রতিবাদ জানানো হয়।
ইরানের ইউরোপ বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূতদের বলেন, শনিবার আহওয়াজের কুচকাওয়াজে হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা বৃটেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে অবস্থান করছে যা দুঃখজনক। এসব সন্ত্রাসী যতদিন ইউরোপে জঙ্গি হামলা না চালাচ্ছে ততদিন তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের অনীহা গ্রহণযোগ্য নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আশা প্রকাশ করে বলেন, আহওয়াজে হামলা পরিচালনাকারী জঙ্গি গোষ্ঠীর যেসব সদস্য ইউরোপে অবস্থান করছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর লক্ষ্যে অবিলম্বে ইরানের কাছে হস্তান্তর করা হবে। জবাবে দেশগুলোর কূটনীতিকরা ইরানের এ বক্তব্য নিজেদের সরকারগুলোর কাছে তুলে ধরবেন বলে প্রতিশ্রুতি দেন।তারা আহওয়াজের জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *