পদ্মায় স্রোত আর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ রুটে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সকাল থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। এছাড়া তিনটি ফেরি বিকল হয়ে পড়ায় দেখা দিয়েছে ফেরি সংকট। পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে দূরপাল্লার বাস, কোচ ও পন্যবোঝাই ট্রাকসহ প্রায় ৫ শতাধিক যানবাহন। নদী পার হতে প্রতিটি যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে দুই ঘন্টা।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার তানভির আহমেদ জানান, দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে একটি ঘাটে বড় ফেরিগুলো ভিড়তে পারছে। অপর তিনটি ঘাটে প্রবল স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে ভিড়তে পারছে না। এতে যানবাহন ওঠা নামায় সময় বেশি লাগছে। ফলে ঘাটে যানবাহন পারাপারে এক থেকে দেড়ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া ঘাটে।এই মুহুর্তে প্রায় পাঁচ শতাধিক যানবাহন নদী পার হবার অপেক্ষায় রয়েছে।
বড় তিনটি ফেরি আমানত শাহ, শাহজালাল ও কেরামত আলী বিকল হওয়ায় সেগুলো নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করানো হচ্ছে।