দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। আগামীকাল সকালে বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে তাদের। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা। আগামী ২১ অক্টোবর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। টানা ৫ ম্যাচ হারের পর রোববার শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় জিম্বাবুয়ে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। বেনোনিতে ভারী বৃষ্টির কারণে মাঠে নামা তো দূরের কথা, টসও হয়নি।ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরও বৃষ্টি না থামায় আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগেই ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে প্রোটিয়ারা। সিরিজের সেরা হয়েছেন প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা বলেন, পুরো সফরে আমাদের ফিল্ডিং ভালো ছিল, অসাধারণ বোলিং পারফরম্যান্স হয়েছে আমাদের। কিন্তু ব্যাটিংটা এই সফরে আমাদের ভুগিয়েছে। বাংলাদেশে যাওয়ার আগে আমরা এই ভুলগুলো সংশোধন করব। টপ অর্ডারের তিন-চারজন ব্যাটসম্যান ভালো ভিত গড়তে পারছে না, তাতে আমরা বিপদে পড়ছি। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত আমাদের মানিয়ে নিতে হবে। কারণ ৫ থেকে ৬ দিন পরই খেলা, সময় খুব অল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *