ধ্রুব গুহ’র নতুন গান ‘তোমার উঁকিঝুঁকি’। প্রকাশের আগেই গানটি নিয়ে শ্রোতামহলে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন ধ্রুব। কারণ এই গানে সৃষ্টি হয়েছে দুই বাংলার সেতুবন্ধন। গানে মডেল হয়েছেন বাংলাদেশের অভিনেতা অপূর্ব এবং ভারতের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন। এই খবরটি জানাজানি হওয়ার পর শ্রোতা মহলে নানা জল্পনা-কল্পনা চলে, কবে প্রকাশিত হবে এই গানটি।
অবশেষে জমকালো আয়োজনেই প্রকাশিত হলো বাংলা সঙ্গীতের আলোচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র বহু প্রতীক্ষিত গান ‘তোমার উঁকিঝুঁকি’। তারিক তুহিনের কথায় গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন আর সংগীতায়োজনে ছিলেন বরাবরের মতো তারিক। গানটির ভিডিও নির্মাণ করেছেন কলকাতার টিভিওয়ালা মিডিয়া’র অরিত্র কর্মকার।
শুক্রবার রাজধানীর অভিজাত একটি রেস্তরায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ‘তোমার উঁকিঝুঁকি’ গানের ভিডিও উন্মুক্ত হয়। এটি প্রকাশ করে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অপূর্বসহ গান সংশ্লিষ্ট সবাই। ছিলেন টিভিওয়ালা মিডিয়ার অমিত গাঙ্গুলি ও সৌভিক দাসগুপ্ত।
পাশাপাশি এই প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীকে শুভশীষ জানাতে উপস্থিত ছিলেন শিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, টিভি উপস্থাপকসহ মিডিয়া অঙ্গনের অনেকেই।
আরিফুল ইসলাম মিঠু, আসিফ আকবর, আনজাম মাসুদ, ইথুন বাবু, আহমেদ রিজভী, ডলি সায়ন্তনী, আখিঁ আলমগীর, নাজির মাহমুদ, মারজুক রাসেল, তরুণ মুন্সী, সোহেল মেহেদী, জুয়েল মোর্শেদ, বেলাল খান, লুৎফর হাসান, অপু, ইমরান, পড়শী, পূজা, প্রতীক হাসান, কোনাল, শান, তানজিব সারোয়ার, কর্ণিয়া, শাহরিয়ার রাফাত, সিএমভির কর্ণধার শেখ শাহেদ আলী পাপ্পুসহ আরও অনেকের উপস্থিতিতে তারকামেলায় পরিণত হয় প্রকাশনা উৎসব।
এ সময় ধ্রুব গুহ বলেন- ‘বাংলা গানকে দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় করতেই আমি আমার এই গানে বাংলাদেশের অভিনেতা অপূর্ব’র সাথে ভারতের রাইমা সেনকে নিয়েছি। যাতে ওপার বাংলায় আমাদের গানের শ্রোতা তৈরি হয়। অপূর্ব এবং রাইমা সেনের অভিনয় যে কারও হৃদয় ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। আর আমি কণ্ঠে কতটা দরদ ঢেলেছি তা আমার শ্রোতা-দর্শকদের বিচারের অপেক্ষায় রইলাম।’
ধ্রুব মিউজিক স্টেশন জানায় তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও দেখার পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *