সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড ভাইজান সালমান খান তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভারত’-এর নতুন পোস্টারের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সব হাসির পেছনে লুকিয়ে থাকে দুঃখ। আর সেই দুঃখই আপনাকে বাঁচিয়ে রাখে।’ পোস্টার দেখেই বলিউড মহলের অনেকেই ভাবছেন ক্যাটরিনার সঙ্গে সালমানের নতুন কিছু শুরু হতে যাচ্ছে। ছবির ক্যাপশন ও তাদের মুখের হাসি বার্তা দিচ্ছে নতুনের।

২০০৫ সালের জুলাই মাসে মুক্তি পায় সালমান ও ক্যাটরিনা অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া সিনেমা। এরপর এই জুটির প্রেমকাহিনী শোনা গিয়েছিল বলিউড মহলে। বরাবরই প্রেমের কথা অস্বীকার করেছিলেন তারা। তবে একাধিকবার তাদের অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দী করেছেন আলোকচিত্রীরা। বহুবার খবরের শিরোনামে ছিলেন তারা। ক্যাটরিনা বলিউডে প্রতিষ্ঠিত হবার পর ধীরে ধীরে সালমানের সঙ্গে দূরত্ব বাড়ে। একটা সময়ে গিয়ে তাদের প্রেম ভেঙে যায়।

সমালোচকরা মন্তব্য করছেন ‘ভারত’ সিনেমার মাধ্যমে হয়তো অতীত অধ্যায় থেকে নতুন করে শুরু করবেন জনপ্রিয় এই জুটি। কিছুদিন পরেই মুক্তি পাবে এই সিনেমার ট্রেলার।

আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমাটির দৃশ্য সাজানো হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। ২০১৪ সালের দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘অড টু মাই ফাদার’-এর রিমেক হলো ‘ভারত’ ছবি। বাবা-ছেলের সম্পর্ক নিয়ে গল্প।
গল্পের শুরু ১৯৫০ সাল থেকে আর শেষ ২০০০ সালে। এখানে একটি সাধারণ মানুষের জীবনধারার মধ্য দিয়ে ফুটে উঠেছে আধুনিক কোরিয়ার নানা চিত্র।

‘ভারত’ সিনেমায় সালমানের সঙ্গে প্রধান ভূমিকায় থাকবেন ক্যাটরিনা কাইফ। এছাড়া দিশা পাটানিকেও দেখা যাবে। সালমানের বাবার ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। তবে ভক্তরা অপেক্ষা করছেন সালমান ও ক্যাটরিনার অভিনয় রসায়ন দেখার জন্য। অনেকেই ভেবেছিলেন, এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান আলোচিত এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *