ইসরাইলের অবৈধ বসতি নির্মাণকে বৈধতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছেন মার্কিন কংগ্রেসের কমপক্ষে ১০৭ জন ডেমোক্রেট। ইসরাইলি নীতিকে চ্যালেঞ্জ করে মার্কিন কংগ্রেসে এটাই সবচেয়ে বড় প্রতিবাদ। মাইক পম্পেওর ওই স্বীকৃতি দেয়াকে তিরস্কার করা এক চিঠিতে শুক্রবার স্বাক্ষর করেছেন কংগ্রেসের ১০৭ জন সদস্য। তারা সবাই ডেমোক্রেট দলের। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

প্রতিনিধি পরিষদে স্পিকার ন্যান্সি পেলোসির নেতৃত্বে সাত সদস্যের ডেমোক্রেটিক নেতৃত্বের টিম রয়েছে। তার মধ্যে মাত্র একজন, সাউথ ক্যারোলাইনার সংখ্যাগরিষ্ঠ হুইপ জেমস ক্লাইবার্ন ওই চিঠিতে স্বাক্ষর করেছেন।

রিপোর্টে বলা হয়েছে, এতে কংগ্রেসশনাল ডেমোক্রেটদের হঠকারিতা প্রকাশ পেয়েছে। এর মধ্যে রয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসিও। তারা ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সমালোচনা করে আসছেন। কিন্তু এসব নীতিকে চ্যালেঞ্জ করা থেকে বিরত থেকেছেন।

আরব নিউজ লিখেছে, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের ঘোষণা বিস্ময়কর ছিল, তবে অস্বাভাবিক নয়। এতে অতীতের রিপাবলিকান প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। তারা ইসরাইলের পক্ষ অবলম্বন করে থাকে। তবে ডেমোক্রেট প্রশাসনগুলো এই বসতি নির্মাণের বিষয়টি অব্যাহতভাবে অবজ্ঞা করে এসেছে। কিন্তু এবার ট্রাম্প প্রশাসনের এমন নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন ১০৭ ডেমোক্রেট। এতে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসম্যান অ্যান্ডি লেভিন। তাদের লেখা চিঠিতে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা হয়। সমালোচনা করা হয় সিরিয়ার দখলীয়কৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়া, জর্ডান ভ্যালির সম্প্রসারণ ও অন্যান্য ইস্যুতে। ওই চিঠিতে সতর্ক করা হয়েছে এই বলে যে, ট্রাম্প প্রশাসন ও মাইক পম্পেওয়ের বসতি নির্মাণ নিয়ে ঘোষণা দ্বিরাষ্ট্রভিত্তক সমাধান প্রচেষ্টা ধ্বংস হয়ে যাবে। এতে আরো ভয়াবহ সংঘর্ষ হতে পারে। এমন সিদ্ধান্তে ইসরাইল ও যুক্তরাষ্ট্র উভয়ের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সদস্যরাও। এর মধ্যে রয়েছেন ইলহাম ওমর, রাশিদা তৈয়ব, বেটি ম্যাককালাম, আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *