আলীরাজের ইচ্ছে ছিল ছেলে শরণরাজকে সিনেমার নায়ক হিসেবে অভিষেক করানোর। কিন্তু পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নেন, শরণরাজ প্রথমে নাটকে অভিনয় করেই নিজেকে পরিপক্ব করে তুলুক। তাই এরইমধ্যে শরণ নাটকে অভিনয় করেছেন। আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’র আজকের পর্বে দেখা যাবে তাকে। এ পর্বের নাম ‘অতীত রজনী’। নির্মাণ করেছেন তপু খান। আজ রাত ৮টা ১০মিনিটে আরটিভিতে এটি প্রচার হবে। নিজের ছেলের প্রথম অভিনীত নাটক দেখার অপেক্ষায় আলীরাজ।

তিনি বলেন, আমার ইচ্ছে ছিল ছেলেকে সিনেমার নায়ক হিসেবে দেখার। কিন্তু তার আগে আমি চাই শরণ নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে গড়ে তুলুক। যেহেতু আমাদের দেশে অভিনয় শেখার তেমন কোনো প্রতিষ্ঠান নেই। তাই আমি চাই আমারই মতো আগে নাটকে অভিনয় করে নিজেকে অভিনয়ে সিদ্ধহস্ত করুক। তারপর না হয় সিনেমায় অভিনয় করা যাবে। শরণ বলেন, অভিনয়ে আমার আদর্শ বাবা। ছোটবেলা থেকেই সিনেমায়, নাটকে তার অভিনয় দেখে দেখে বড় হয়েছি। কিন্তু কোনোদিন অভিনয় করিনি। তপু ভাইয়ের নির্দেশনাতেই প্রথম কোনো নাটকে আমার অভিনয় করা। আমি জানি না কেমন করেছি। তবে আমি আমার চরিত্রটি বাবার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের মতো করেই অভিনয় করেছি। উল্লেখ্য, শরণ এরইমধ্যে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *