পাত্রপাত্রীর বিয়ে ঠিক হয়েছে। দিনক্ষণ সব ঠিক। সব আয়োজন চলছে। কিন্তু তলে তলে চুটিয়ে প্রেম করছিলেন পাত্রের পিতা হিম্মত পান্ডব (৪৬) ও পাত্রীর মা শবনা র‌্যাভেল (৪৩)। যখন ছেলেমেয়ের বিয়ে দেবেন ঠিক তখনই তারা দু’জন প্রেমে মত্ত হয়ে পালিয়ে যান। এ নিয়ে ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানের পত্রপত্রিকায় সংবাদ শিরোনাম হয়। সে এ বছর জানুয়ারির কথা। তখন তাদের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল থানায়।

এরপর এক পর্যায়ে তারা যার যার বাড়ি ফিরে আসেন। কিন্তু শবনা র‌্যাভেলকে তার স্বামী গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর তিনি আশ্রয় নেন পিতৃগৃহে। কিন্তু আবারও তারা পালিয়ে গেছেন। ঘটনাটি গুজরাটের। সেখানকার মধ্যবয়সী এই যুগলের এমন প্রেমপাগলামি দেখে অবাক সবাই। তবে এবার আর থানায় ডায়রি করা হয় নি। রোববার পরিবারের সূত্রগুলো এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয় হিম্মত পান্ডবের বাড়ি গুজরাটের সুরাটে। অন্যদিকে শবনা র‌্যাভেলের বাড়ি নবসারিতে। তারা কিশোর বয়সে একে অন্যের বন্ধু ছিলেন। তাদের মধ্যে প্রেমও হয়েছিল। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আবার তাদের সেই প্রেম জেগে উঠেছে। তাই সন্তানদের বিয়ে হওয়ার আগেই তারা গত শনিবার আবার একে অন্যের হাত ধরে অজানার পথে পা বাড়িয়েছেন। বিভিন্ন সূত্র বলেছে, তারা সুরাটে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছেন। হিম্মত পান্ডের বাড়ি সুরাতের কাটারগামে। শবনার বাড়ি নবসারি জেলার ভিজলপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *