হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে। একবার করে জালে বল পাঠালেন নেইমার আর পাবলো সারাবিয়া। তাতে অলিম্পিক লিঁওকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পৌঁছে গেল ফ্রেঞ্চ কাপের ফাইনালে।

এমবাপ্পের দ্বিতীয় গোলটি বিস্ময়কর। নিজেদের অর্ধ থেকে প্রায় ৭০ গজ দৌড়ে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ঠান্ডা মাথায় করেন লক্ষ্যভেদ।

বুধবার পার্ক অলিম্পিক লিঁওতে শুরুটা কিন্তু ভালো ছিল না পিএসজির। ১১তম মিনিটে গোল খেয়ে বসে তারা। তবে ৩ মিনিট পরই সমতা আনেন এমবাপ্পে। ৬০তম মিনিট পর্যন্ত ১-১ সমতা ছিল স্কোরলাইনে। ৬১তম মিনিটে লালকার্ড দেখেন লিঁওর খেলোয়াড় ফার্নান্দো মারসাল। বাকি ২৯ মিনিটে স্বাগতিকদের জালে ৪ বার বল পাঠান এমবাপ্পে-নেইমাররা।

৬৪তম মিনিটে পেনাল্টি থেকে পিএসজির হয়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

আর ৭০ ও (৯০+২) মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। মাঝে ৮১তম মিনিটে জালে বল জড়ান পাবলো সারাবিয়া।

ফাইনালে পিএসজি মুখোমুখি হবে সেঁত এতিয়েন অথবা রেনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *