সুদীপ কুমার দীপ। বাংলা চলচ্চিত্রের পরিচিত নাম। এই গীতিকারের লেখা গানে ঠোঁট মিলিয়েছেন হালের সব নায়কই। শাকিব খান থেকে শুরু করে এ সময়ের সব তারকা অভিনেতার ছবিতেই থাকে দীপের গান।

সম্প্রতি এই গীতিকারের লেখা দুটি ইউটিউবে মুক্তি পেয়েছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবির বলছে আকাশ মুখ লুকিয়ে গানে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু। সুর ও সঙ্গীত করেছেন শ্রী প্রিতম। আর ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়’ গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী ইমরান ও লিজা। সুর ও সঙ্গীত করেছেন ইমন সাহা। দুটি গানেরই প্রতিদিন লাখের বেশি ইউটিউব ভিউ হচ্ছে।

এ ব্যাপারে সুদীপ কুমার দীপ আরটিভি অনলাইনকে বলেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবির আমার লেখা দুটি গান দুই ধরনের। বলছে আকাশ মুখ লুকিয়ে রোমান্টিক ঘরানার গানটি শ্রোতাদের মনে নব্বইয়ের দশকের একটা অনুভূতি এনে দেবে। আমার এই গানটি কিংবদন্তি কুমার শানু গেয়েছেন। এটাও আমার জন্য একটি প্রাপ্তি বলে মনে করি। আর তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায় একটা পার্টি ঘরানার গান। যে কোনও উৎসব বা বিয়ের অনুষ্ঠানে গানটি অনেক বছর বাজানো হবে বলে আমার বিশ্বাস।

এদিকে দীপের লেখা ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘চুম্মা’, ‘তোর চোখে পড়লে চোখ’, ‘বুম বুম’, ‘দুই দুবার’, ‘পান জর্দা’-প্রভৃতি গানগুলো চার কোটি, তিন কোটি কিংবা এক কোটির বেশিবার ইউটিউবে দেখা হয়েছে।

হাল সময়ে ‘আকবর’, ‘ক্যাসিনো’, ‘মেকআপ’, ‘সাইকো’, ‘আনন্দ অশ্রু’, ‘দেশ নায়ক’, ‘আগুন’, ‘রঙ্গিলা’, ‘বিক্ষোভ’, ‘গ্যাংস্টার’, ‘আগুনে পোড়া কান্না’, ‘আমার হৃদয়ের কথা’সহ ৩০টির মতো ছবির গান লেখা নিয়ে ব্যস্ত আছেন তিনি। কলকাতার এসকে মুভিজ ও শ্রী ভেঙ্কটশের ছবির গানও করছেন দীপ।

২০১১ সালের ঈদ উল আজহায় মুক্তি পাওয়া ‘টাইগার নাম্বার ওয়ান’ ছবির গান দিয়ে যাত্রা শুরু দীপের। এরপর একে একে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘অগ্নি’, ‘রাজা বাবু’, ‘লাভ ম্যারেজ’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘ডেয়ারিং লাভার’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’সহ ৮০টির বেশি ছবিতে গান লিখেছেন তিনি।

এ ব্যাপারে দীপ বলেন, ‘মাত্র ৮ বছরের ক্যারিয়ার আমার। এই স্বল্প সময়ে মালেক আফসারী, বদিউল আলম খোকন, শাহীন সুমন থেকে শুরু করে এই সময়ের দেবাশীষ বিশ্বাস, শামীম আহমেদ রনি, অনন্য মামুন, সৈকত নাসিরের মতো পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এটা অনেক বড় সৌভাগ্যের। আমার লেখা ২৫টির বেশি গান কোটি ভিউয়ের তকমা পেয়েছে। বলা যায় পরিশ্রম সার্থক হয়েছে। আমি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

ব্যক্তি জীবনে দীপ এক সন্তানের বাবা। ১ বছরে পা দিতে যাওয়া ছেলের নাম লক্ষ্য। দীপের স্ত্রীর নাম কাশফি দীপ। নিজের ক্যারিয়ারে স্ত্রীর অবদান অপরিসীম বলেও জানান তিনি। সময়ের এই আলোচিত গীতিকার আগামীদিনেও দেশের সঙ্গীতে অবদান রেখে যেতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *