সম্প্রতি খেলাধুলা সামগ্রী প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ১৫ বছরের সম্পর্কের ইতি টেনেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দুই সপ্তাহ যেতে না যেতেই জার্মান ব্র্যান্ড পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। নতুন মৌসুমে পুমার বিখ্যাত ‘কিং ফুটবল বুট’ পরে খেলবেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) এ ফরোয়ার্ড। আর মাঠের বাইরে পুমার বিভিন্ন স্টাইল প্রডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করবেন নেইমার। পুমার সিইও বিয়র্ন গুলডেন বলেন, ‘নেইমার বিশ্বসেরা ফুটবলারদের একজন। বিশ্ব ফুটবল ও উঠতিদের মাঝে তার প্রভাব চোখে পড়ার মতো। তার সঙ্গে মাঠ ও মাঠের বাইরে কাজ করতে খুবই এক্সাইটেড আমরা।’ নাইকির সঙ্গে ৭৮.৬ মিলিয়ন পাউন্ডের চুক্তি ছিল নেইমারের। চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩১শে আগস্ট।

এরপর নেইমার আর নবায়ন করেননি চুক্তি। যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ এই ব্র্যান্ডের সঙ্গে এক যুগেরও বেশি সময়ের সম্পর্ক কেন ছিন্ন করলেন? নেইমার জানিয়েছেন, কিংবদন্তির ফুটবলার পেলে, দিয়েগো ম্যারাডোনা, ইউসেবিও, ইয়োহান ক্রুইফদের থেকে অনুপ্রাণিত হয়েই পুমার সঙ্গে চুক্তিবন্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করে নেইমার বলেছেন, ‘আমি পেলে, ক্রুইফ (ইয়োহান), ম্যারাডোনা, ইউসেবিও, ম্যাথিউসের (লুথার) মতো গ্রেটদের ভিডিও দেখে বড় হয়েছি। ওনারা মাঠে কিং বুট পরে খেলতেন।

সে সকল গ্রেট ফুটলারদের উত্তরাধিকার ফিরিয়ে আনতে চাই আমি। তাদের সবাই পুমার বুট পরে খেলেছেন। পুমার বুট পায়েই দেখিয়েছেন ম্যাজিক। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে পুমার বুটে স্বপ্ন পূরণের মাধ্যমে নিজেকে এবং সাবেক গ্রেটদের সম্মানিত করার, যারা ইতিপূর্বে কিং বুট পরে খেলেছেন। এটাই হবে আমার পুমার ইতিহাস। দ্য কিং ইজ ব্যাক!’ ১৩ বছর বয়স থেকে নেইমারের সঙ্গে আছে নাইকি। সান্তোসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করার সময় থেকে। আর প্রতিদ্বন্দ্বী পুমার কাছে ক্রীড়া দুনিয়ার একজন বড় তারকা হারালো নাইকি। নেইমারের বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে ৩০ বছর ধরে আছে তারা। এছাড়া স্পন্সর করছে ব্রাজিল জাতীয় দলেরও। ধারণা করা হচ্ছে, নেইমারের ব্র্যান্ড বদল প্রভাব ফেলতে পারে এসব চুক্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *