চীন নিশ্চিত করেছে তাদের তৈরি করোনা ভাইরাসের টিকা উন্নয়নশীল দেশগুলোর ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। এরই মধ্যে একটি টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ যা সিনোফার্ম নামে পরিচিত, তারা বলেছে, তাদের টিকা চীনে ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদনের আবেদন করা হয়েছে নভেম্বরে। অনুমোদন পেলেই বাজারে ছাড়বে তাদের টিকা। অন্যদের উৎপাদিত টিকা এরই মধ্যে স্বাস্থ্যকর্মী এবং উচ্চ ঝুঁকিতে আছেন বলে মনে হয় এমন ব্যক্তিদের ওপর জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, চীনজুড়ে প্রাদেশিক সরকারগুলো দেশে তৈরি করোনা ভাইরাসের টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগের নির্দেশ দিচ্ছে। তবে স্বাস্থ্যকর্মীরা এখনও জানেন না এসব টিকা কতটা ভাল কাজ করবে এবং কিভাবে তা দেশের ১৪০ কোটি মানুষের কাছে পৌঁছে দেয়া যাবে। জাতিসংঘের এক বৈঠকে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের দেশে টিকা উৎপাদনকারীরা চূড়ান্ত দফার পরীক্ষার গতি বৃদ্ধি করেছে।

অন্যদিকে বৃটেন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ফাইজারের টিকা।
তবে চীনে কমপক্ষে করোনার ৫টি টিকা নিয়ে কাজ চলছে। এর মধ্যে চারটি টিকার পরীক্ষা চলছে রাশিয়া, মিশর, মেক্সিকো সহ এক ডজনেরও বেশি দেশে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি এসব টিকা সফলতা পায়, তাহলে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও উন্নয়নশীল দেশগুলোতে তা ব্যবহারের অনুমোদন প্রক্রিয়া অনেক বেশি জটিল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *