ছবি তুলে গোলকিপারের ইচ্ছাপূরণ করলেন মেসি

রেইমসের বিপক্ষে পিএসজির ম্যাচে এমন আবেগঘন দৃশ্যই দেখা গেছে। এদিন ম্যাচের ৬৫ মিনিটের মাথায় পিএসজির হয়ে অভিষেক হয় এলএম থার্টির।

খেলা শেষে রেইমসের গোলকিপার প্রেদরাগ রাজকোভিচ দৌড়ে গিয়ে মেসিকে অনুরোধ করেন তার ছেলের সঙ্গে একটা ছবি তুলতে। আর্জেন্টাইন মহাতারকাও দ্বিতীয়বার ভাবেননি। প্রতিপক্ষ শিবিরের গোলকিপারের ইচ্ছাপূরণ করতে তার ছেলের সঙ্গে ছবি তোলেন।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘মার্কা’ ছবিটিকে ব্যাখ্যা করেছে ‘ফটো অব দ্য ডে’ হিসেবে। এরই মধ্যে ছবিটি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। অভিষেক ম্যাচে গোল দিয়ে না রাঙাতে পারলেও ভক্তদের হৃদয় ঠিকই ছুঁয়েছে এমন দৃশ্য।

৩১ মিনিট মাঠে থাকলেও কোনো গোল আসেনি মেসির পা থেকে। রেইমসকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে দুটো গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে প্যারিসিয়ানরা।

বার্সার পুরনো বন্ধুর সঙ্গে খেলবেন নেইমার। ইচ্ছেটা মনে পুষে রেখেছেন কয়েক মৌসুম ধরে। পিএসজিতে মেসিকে আনতে ব্রাজিলিয়ান যে বড় প্রভাবক ছিলেন; তাও অজানা নয়। অথচ ম্যাচের ৬৫ মিনিটে লিগ ওয়ানে লিওর অভিষেকের ক্ষণটায় একসঙ্গে মাঠে থাকা হলো না। নেইমারের বদলি হিসেবেই যে মাঠে নামলেন আর্জেন্টাইন জাদুকর।

নেইমারের সেই খেদ থাকলেও, হর্ষধ্বনিতে কোনো কমতি নেই গ্যালারিতে। এই মুহূর্তের অপেক্ষায় যে বুঁদ হয়েছিলেন প্যারিসিয়ান আর ব্যক্তি মেসি সমর্থকরা।

টিভি সেটে নীল জার্সি পরা মেসিকে শুরুতে খুঁজে নিতে কষ্ট হলেও মনোযোগের কেন্দ্রে আসতে সময় লাগেনি বেশিক্ষণ। ম্যাচের ৭৭ মিনিটে সেই চিরচেনা ক্ষীপ্রতা। নতুন সতীর্থ এমবাপ্পেকে বাড়িয়ে দিয়েছিলেন বল। তবে গোলের সুযোগটা কাজে লাগেনি।

অবশ্য তা নিয়ে বাড়তি কোনো চাপ ছিল না এমবাপ্পের। ম্যাচের ১৬ মিনিটে এই ফরাসির গোলেই প্রতিপক্ষ রেইমসের মাঠে লিড পায় প্যারিস সেইন্ট জার্মেই। তার দৃষ্টিনন্দন হেডারের জবাব ছিল না গোলরক্ষক রাজকোভিচের কাছে। ৬৩ মিনিটে আরও এগিয়ে যায় প্যারিসিয়ানরা। আবারও চিত্রপটে এমবাপ্পে। আশরাফ হাকিমির অ্যাসিস্টে নিজের জোড়া পূরণ করেন এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *