Breaking
Tue. Jul 14th, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে আসা মোহাম্মদ নুর (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টায় পুলিশ তাকে হেফাজতে নেয়। বর্তমানে সে পুলিশ প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আটক মোহাম্মদ নুর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মকবুল আহম্মেদের ছেলে। সে কক্সবাজারের টেকনাফ ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে থাকতো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোহিঙ্গা যুবক মোহাম্মদ নুর এক অপরিচিত বাঙালির সঙ্গে শ্যামলী পরিবহণের একটি বাস চড়ে ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতে দিনাজপুরের ঘোড়াঘাটে এসেছিলেন। ঘোড়াঘাট উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের একটি মাঠে ধান কাটা শ্রমিকদের একটি গ্রুপে সে ধান কাটার কাজ করছিল। কাজ করা অবস্থায় হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। এ সময় পুলিশ খবর পেয়ে হাসপাতালে তাকে আটক করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ সময় অনাহারে থাকায় তার শরীর দুর্বল হয়ে পড়েছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে। সে বর্তমানে ৬০ ভাগ সুস্থ।

ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, আমরা টেকনাফ থানার সঙ্গে যোগাযোগ করেছি। আটক রোহিঙ্গা যুবক সুস্থ হয়ে উঠলে তাকে তার ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে। তার সঙ্গে আরও কোনো রোহিঙ্গা পালিয়ে এসেছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। সে অসুস্থ থাকায় তার কাছে থেকে কোনো তথ্য নেওয়া সম্ভব হয়নি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *