পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তি রয়েছে এ বছরের জুন পর্যন্ত। এরপর কী আছে তার ভাগ্যে? দলবদল করবেন তিনি? গুঞ্জন অনুযায়ী বেশ কয়েকটি ক্লাব নাকি তাকে পেতে যাচ্ছে। এ প্রতিবেদনে জানানো হবে সেসব ক্লাবের নাম।
২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়ার সময় মেসি চুক্তি করেছিলেন দুই বছরের। সে অনুযায়ী এ বছরের জুনে ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে তার। চুক্তিতে শর্ত ছিল, দুই পক্ষ সমঝোতায় থাকলে নতুন করে আরও এক বছরের চুক্তি হতে পারে। সময় ঘনিয়ে আসলেও নতুন চুক্তি এখনও হয়নি। সে কারণেই মূলত নতুন নতুন গুঞ্জন ডালপালা মেলছে
লিওনেল মেসির ফুটবলে হাতেখড়ি হয়েছিল আর্জেন্টাইন ক্লাব নিউ ওল্ড বয়েজে। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সেখানে খেলেন তিনি। যেখানে যাত্রা শুরু হয়েছিল সেখানেই শেষ- এমন ইচ্ছা মেসি পোষণ করলেও করতে পারেন। সেক্ষেত্রে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আবার আর্জেন্টিনার লিগে দেখা যাবে বিশ্বসেরা ফুটবলারকে।
বেশ কয়েকটি উপলক্ষে মেসি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করার কথা বলেছিলেন। দেশটির অন্যতম সেরা লিগের ক্লাব ইন্টার মিয়ামিও তাকে পেতে চায়। সম্প্রতি ক্লাবের কোচ ফিল নেভিল বলেছেন, মেসি যদি তাদের ক্লাবে যোগ দেন, তবে তিনি হবেন আমেরিকার সবচেয়ে দামি খেলোয়াড়। এটি শুধু ফুটবলে নয়, সমগ্র খেলাধুলার জগতেও। কোচের ভাষ্যমতে, ‘আমি মনে করি মেসি এখানে এলে ইন্টার মিয়ামির জন্য বড় সুযোগ তৈরি হবে। সে এলে বিষয়টা আমাদের টুর্নামেন্টের (এমএলএস) জন্য অনেক বড় প্রাপ্তি। তখন এটা হবে আমেরিকার খেলাধুলার ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি।’
মেসি ফিরতে পারেন তার প্রাণপ্রিয় ক্লাব বার্সেলোনাতেও। ওল্ড বয়েজ ছাড়ার পর এ ক্লাবে পাড়ি জমান তিনি, খেলেন ২০২১ সালের আগষ্ট পর্যন্ত। সম্প্রতি বার্সার কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন, মেসির জন্য তাদের ক্লাবের দরজা খোলা। যখন খুশি আর্জেন্টাইন তারকা কাতালান ক্লাবটিতে যেতে পারেন।
মেসির চিরপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা গত ৩০ জানুয়ারি সৌদি আরবের ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছিলেন। এরপর থেকেই নাকি সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল মেসিকে নিজেদের দলে চাইছে। মেসি সত্যি সত্যি মধ্যপ্রাচ্যে পাড়ি জমালে আবারও সময়ের সেরা দুই ফুটবলারের মুখোমুখি লড়াই দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।