1408548839yj62lpb6আটক মিশুকে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে আজ বুধবার বিকেলে তাকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি কার্যালয় থেকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহবায়ক মোশরেফা মিশুকে ছেড়ে দিয়েছে পুলিশ। ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে বিকেলে তোবা গ্রুপের শ্রমিকদের মিছিল-সমাবেশে বাধা দেয় পুলিশ। ‘অনুমতি নেই’- এমন কারণ দেখিয়ে পুলিশ শ্রমিকদের এ কর্মসূচি পণ্ড করে দেয় ও ঘটনাস্থল থেকে মোশরেফা মিশুকে আটক করে।

তিন মাসের মজুরি, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে তোবা গ্রুপের শ্রমিকেরা ঈদের আগের দিন থেকে অনশন করেন। টানা ১১ দিন অনশন কর্মসূচি চলে। বিজিএমইএ’র মধ্যস্থতায় ৬ ও ৭ আগস্ট দুই মাসের এবং ১০ আগস্ট এক মাসের মজুরি ও ওভারটাইম পান শ্রমিকেরা।

গতকাল মঙ্গলবার তোবার পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করেন মালিক দেলোয়ার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরের পর থেকে গুলশান-বাড্ডা লিংক রোডে তোবার শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। বেলা তিনটা ১০ মিনিটে মিছিল শুরু করার আগ মুহূর্তে বাড্ডা থানা পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশ তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা হয়।

পুলিশ বেলা সাড়ে তিনটার দিকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহবায়ক মোশরেফা মিশুকে ভ্যানে তুলে নিয়ে যায় এবং জড়ো হওয়া শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন,  খুবই ব্যস্ততম সড়কে মিছিল-সমাবেশের পূর্ব অনুমতি না থাকায় তাদের বাধা দেয়া হয়।

আটকের আগে মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ স্বৈরাচারী কায়দায় আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি। যখন শ্রমিকরা মজুরি পায় না, তখন পুলিশ এগিয়ে আসে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *