বর্ষাকাল কবেই চলে গেছে। ভাদ্র পেরিয়ে চলছে এখন আশ্বিন মাস। তবু আকাশে কালো মেঘের ঘনঘটা। কখনো থেমে থেমে, কখনো বা বিরামহীন বৃষ্টি চলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবারও বৃষ্টি হতে পারে। তাই শরতের আকাশে কালো মেঘের দাপট থাকতে পারে সারা দিন।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর জন্য বৃষ্টি হচ্ছে সারা দেশে। কেবল বাংলাদেশে নয়, ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসামের ওপর ছড়িয়ে আছে মৌসুমি বায়ু। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়।
তাই আজ জোরেশোরে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে বৈশাখ মাসের মতো খানিকটা দমকা বাতাস বয়ে যেতে পারে। তবে আগামী দুদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে।
গতকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারে—৯০ মিলিমিটার। এ ছাড়া ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। রাজধানী ঢাকায় বৃষ্টি না হলেও আকাশ ছিল কালো মেঘে ঢাকা। বৃষ্টির কারণে বাংলাদেশের বেশির ভাগ স্থানে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিলাস। দিনাজপুর ও সৈয়দপুরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে। তা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।