ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। হৌদি শিয়া সম্প্রদায়ের মুসলমানদের একটি চেকপোস্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হৌদি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন তাহরির স্কয়ারে পরিচালিত এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। আত্মঘাতী বেল্ট পরিহিত এক ব্যক্তি চেকপোস্টের কাছে গিয়ে নিজের গায়ের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক মানুষের মধ্যেই হামলা চালায় সে। এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে আল-কায়েদাই এ হামলা চালিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।