murder

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কিশামত মালিবাড়ী গ্রামে পুত্রবধু রহিমা বেগমের মারপিটে গত সোমবার রাতে তার শাশুড়ি হালিমা বেগম (৬৫) এর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর থেকে ছেলে আবদুল হামিদ ও পুত্রবধু রহিমা বেগম পলাতক রয়েছেন। পুলিশ ও গ্রামবাসি জানায়, হালিমা বেগমের সাথে তার ছেলে আব্দুল হামিদের স্ত্রী রহিমা বেগমের বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত সোমবার রাত ৮টার দিকে ওই পারিবারিক কলহের জের ধরে শাশুড়ি হালিমা বেগমের সাথে রহিমা বেগমের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে রহিমা বেগম শাশুড়িকে বেদম প্রহার করে। এতে হালিমা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রতিবেশিরা গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওই ঘটনায় নিহতের বড় মেয়ে রুবী বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ রাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *