দোহায় অবস্থিত একমাত্র বাংলাদেশী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান ও কারুশিল্প মেলা ২০১৪। গত বৃহস্পতিবার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই সায়েন্স ফেয়ারে শিক্ষার্থীদের উপস্থাপনা, বাচন ভঙ্গি আর সাবলীলতা উপস্থিত দর্শনার্থী ও অভিভাবকদের মুগ্ধ করেছে। অভিভাবকরা এ জন্য শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেয়ারম্যান প্রিন্সিপাল সহ শ্রেণী শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছেন। অনেক অভিভাবক বিজ্ঞান মেলায় রক্ষিত মন্তব্য বইতে এ ধরনের বিজ্ঞান মেলা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। এই বিজ্ঞান ও কারুশিল্প মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার। এছাড়াও বিশেষ অতিথি কাউন্সিলর ডা. সিরাজুল ইসলাম, দূতাবাসের ৩য় সচিব মো. নাজমুল, ম্যাডাম তাহমিনা খানম টিশা সহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ জসিম উদ্দীন ও অন্য শিক্ষক- শিক্ষিকাগণ। প্রথমে রাষ্ট্রদূত ও মিসেস্‌ রাষ্ট্রদূত, ম্যাডাম তাহমিনা খানম টিশা মেলা উদ্বোধন করেন। পরে স্কুলের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে মেলার প্রতিটি সেকশন ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের উদ্ভাবিত বৈজ্ঞানিক যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হন। এই বিজ্ঞান ও কারুশিল্প মেলার আকর্ষণ ছিলো দু’ভাগে, প্রথম অংশে কেজি শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা কারুশিল্প মেলায় অংশগ্রহণ করেন ও পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে প্রাণবন্ত এই মেলা সহস্রাধিক অভিভাবক ও দর্শনার্থী উৎসাহ ভরে উপভোগ করেন।
 এবং ক্ষুদে বিজ্ঞানী ও ক্ষুদে কারুশিল্পীদের এসব প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি, রাষ্ট্রদূত সকল অংশগ্রহণকারীদের জন্য সনদপত্র এবং সেরাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *