একসঙ্গে প্লেব্যাক করলেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ড. অরূপ রতন চৌধুরী। দু’জন
একসঙ্গে গাইলেন ‘জাগরণে যায় বিভাষরী’ শীর্ষক জনপ্রিয় রবীন্দ্রসংগীতটি। ইমন সাহার সংগীতায়োজনে রেকর্ডকৃত এই গানে অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণ। কোরিওগ্রাফি করেছেন জাতীয় নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, ক্যামেরাবন্দি করলেন মাহফুজুর রহমান খান। বিশিষ্ট চিকিৎসক এবং মাদকবিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা ড. অরূপ রতন চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘স্বর্গ থেকে নরক’-এ দেখা যাবে এ গানটি। মাদকের কুফল এবং মাদক থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া নিয়ে ‘স্বর্গ থেকে নরক’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক ড. অরূপ রতন চৌধুরী নিজেই। ফেরদৌস, নিপুণ ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক, জলি, আহমেদ শরিফ সহ অনেকেই। ছবিতে রবীন্দ্রসংগীতের সংযোজন প্রসঙ্গে ড. অরূপ রতন চৌধুরী বলেন, আমি নিজেও একজন রবীন্দ্রসংগীত শিল্পী, রবীন্দ্রপ্রেমী। আমার পরিচালিত প্রথম ছবিতে রবীন্দ্রসংগীত না থাকলে বিষয়টি অসম্পন্ন থেকে যেতো। তিনি বলেন, গল্পের প্রয়োজনেই আমি রবীন্দ্রসংগীতটি ব্যবহার করেছি। আমার বিশ্বাস সবার ভাল লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *