আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতারণার দায়ে শাহীনুল ইসলামকে (৪০) ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) রাশেদুল হক প্রধান শনিবার দুপুরে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শাহীনুল ইসলাম বগুড়া জেলার ধুনট উপজেলা সদরের নিমগাছি গ্রামের মোঃ আইজ উদ্দিনের পুত্র। এর আগে পুলিশ উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রাম থেকে সকালে তাকে আটক করে। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দন্ডপ্রাপ্ত শাহীনুল ইসলাম রামডাকুয়া গ্রামের কাওছার আলীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। সকালে শাহীনুল টাকা নেওয়ার জন্য এলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, দুপুরে শাহীনুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *