thছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক ছাত্র নিহতের ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধের এক মাস পেরিয়ে গেলেও এখনো খুলেনি ক্যাম্পাস। এতে দীর্ঘ সেশনজটে পড়েছে শিক্ষার্থীরা। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ব্যাপারে আশাবাদী উপাচার্য। অন্যদিকে, এখনো তদন্ত কমিটি রিপোর্ট জমা না দেয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
হল দখলকে কেন্দ্র করে গত ২০ নভেম্বর ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মারা যায় বহিরাগত ছাত্রলীগ কর্মী সুমন দাস। এরপরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ক্যাম্পাস। কিন্তু ঘটনার এক মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রশাসন। আর তদন্ত কমিটিও তাদের রিপোর্ট জমা দিতে পারেনি। এতে আবারো সেশনজটে পড়েছে শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মাথা ব্যথাই নেই।
তবে, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভুইয়া বলেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
অন্যদিকে শাবিপ্রবি প্রক্টর, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় বলেন, বিশ্ববিদ্যালয় খোলার পর কোনো ছাত্র সংগঠন শিক্ষা কার্যক্রম ব্যাহত করলে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কঠিন শাস্তির দেয়া হবে।
৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট ছিল না। কিন্তু এরপর ছাত্রলীগের বেপরোয়া আচরণে সেশনজটে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *